চন্দনাইশে ৫৪ অসহায় রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন
চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দুই ধাপে এসব অস্ত্রোপচার পরিচালিত হয়।
অপারেশন-পরবর্তী সেবার অংশ হিসেবে প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়েছে। বর্তমানে সকল রোগী সুস্থ রয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এর আগে চন্দনাইশ উপজেলার ফতেহনগরস্থ শরিফুন্নেছা-নজিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটির পরিকল্পনা ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ওই ক্যাম্পে প্রায় ৬৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৮৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনাক্ত করা হয়।
শনাক্তকৃত রোগীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৫৪ জনকে গত ৯ মে হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।