সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তাঁর সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।