Sunday, 28 June, 2026, 10:20 pm

রৌমারীর সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুমন আহমেদ,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে বাজারের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

রবিবার (২৮ জুন) ভোররাত আনুমানিক ৩টা ২৪ মিনিটে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তখন পুরো বাজার ছিল জনশূন্য এবং মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। দোকানে কেউ না থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় একের পর এক দোকান গ্রাস করতে থাকে।

খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই আগুনে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। গভীর রাত হওয়ায় কোনো দোকানের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মমিনুল ইসলাম, লালচাঁদ, আন্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসাই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। এখন তাদের সামনে সংসার চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।

এ বিষয়ে কত্তিমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাদা বলেন, “মোবাইল ফোনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

ফায়ার সার্ভিসের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো