এমসিডব্লিউ হাসপাতাল-ঢাকা রিজেন্সির মধ্যে সমঝোতা
বিডি মেইল ডেস্ক:-
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল (এমসিডব্লিউ) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তরায় এমসিডব্লিউ হাসপাতাল প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে এমসিডব্লিউ হাসপাতালের প্রিন্সিপাল ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) শেখ ফিরোজ কবির, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. মমিনুর রহমান মামুন এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এমসিডব্লিউ হাসপাতালের সদস্য, চিকিৎসক ও শিক্ষার্থীরা ঢাকা রিজেন্সির আবাসন, খাবার, ওয়েলনেসসহ বিভিন্ন হসপিটালিটি সেবায় বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ সুবিধা পাবেন।
অন্যদিকে, ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা নিয়মিত ও জরুরি প্রয়োজনে এমসিডব্লিউ হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা ও ছাড় গ্রহণ করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং সদস্যদের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
