একাদশে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ল
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে আবেদন সম্পন্ন করার সুযোগ পান, সেজন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে সময় বাড়ানোর নোটিশ দিয়ে দেবো। সময়টা বাড়াচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্যই। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ড কর্মকর্তারা মিটিং করে আজ সকালে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সময় বৃদ্ধির বিষয়টি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। সময়সীমা বৃদ্ধির কারণে ভর্তি ফলের চূড়ান্ত তারিখও কিছুটা পিছিয়ে যেতে পারে।
সময়সীমা কতদিন বাড়ানো হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ২৭ ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল। এটা আমরা ১ অক্টোবর পর্যন্ত নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যাচ্ছি। অসুবিধা হবে না।
সময় বাড়ানোর কারণ হিসেবে অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অবস্থা বুঝতে পারছি। কারণটা হচ্ছে প্রায় তিন লাখের কাছাকাছি ভর্তির বাইরে আছে। প্রথম ধাপে বড় একটা সংখ্যা আবেদন করেনি; পরে নিশ্চয়নও করেনি কেউ কেউ। সবশেষে ভর্তি হয়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে রেখে তো আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি না। সেজন্যই আমরা সময়টা বাড়িয়েছি।
পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আবেদন শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর এবং তা ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। নতুন সময়সীমা অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।
সময়সীমা বাড়ানোর প্রধান কারণ হিসেবে জানা গেছে, এখনও প্রায় তিন লাখ শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। প্রথম ধাপে অনেকেই আবেদন করেননি এবং কেউ কেউ সিট পেয়েও নিশ্চয়ন (Selection Confirmation) করেননি। এত বড় সংখ্যক শিক্ষার্থীকে বাদ রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয় বলেই এই সুযোগ বৃদ্ধি করা হয়েছে।
