বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী

শিগগিরই মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর কর‌তে পা‌রেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে হওয়া বৈঠকে এ কথা জানান মাল‌য়ে‌শিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে দুদেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তারা।

বৈঠকে প্রবাসী কর্মীদের বিষয় ছাড়াও বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।

এছাড়া, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

আরো