বাউলশিল্পী ছোট আবুল গ্রেপ্তার
ইসলাম অবমাননার অভিযোগে বহুল পরিচিত বাউলশিল্পী মহারাজ আবুল সরকার ওরফে ছোট আবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে আটক করা হয় তাকে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানিয়েছেন, আবুল সরকারকে আটকের পর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে তোলা অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিউয়নে আবুল সরকারের বাড়ি। গত ৪ নভেম্বর পার্শ্ববর্তী ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে তিনি কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ।
এ সময় সেখানে উপস্থিত একাংশ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং পরে বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।