অতিরিক্ত ফল খাওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ, কার্ডিওলজিস্টের সতর্কবার্তা
অতিরিক্ত ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন কার্ডিওলজিস্ট ডা. প্রদীপ জামনদাস। তার মতে, নিয়মিত বেশি ফল খাওয়া ফ্যাটি লিভার, করোনারি আর্টারি ডিজিজ (হৃদ্রোগ) এবং ডায়াবেটিসের মতো জটিল রোগের কারণ হতে পারে। তাই ফল খাওয়া উচিত কেবলমাত্র মৌসুমে এবং পরিমিত পরিমাণে। খবর দ্য হিন্দু
ফল ভিটামিন, খনিজ ও আঁশের (ফাইবার) সমৃদ্ধ উৎস। এতে রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টও, যা দেহকে রোগ প্রতিরোধে সহায়তা করে। কিন্তু ফলে থাকা প্রাকৃতিক চিনি, বিশেষ করে ফ্রুক্টোজ, বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে তা রক্তে শর্করা বাড়িয়ে ইনসুলিনে প্রভাব ফেলে। এর ফলে দীর্ঘমেয়াদে ডায়াবেটিসসহ লিভার ও হৃদ্যন্ত্রে ক্ষতিকর প্রভাব দেখা দেয়।
সম্প্রতি ‘The Diary Of A CEO’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ডা. প্রদীপ বলেন, ‘ফল নিয়ে সবাই ভুল বোঝে। মানুষ ভাবে, যত বেশি ফল খাব তত বেশি সুস্থ থাকব। আসলে বিষয়টা উল্টো অতিরিক্ত ফল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।’ তিনি আরও যোগ করেন, ‘ফল খাওয়া উচিত শুধু ঋতু অনুযায়ী। মৌসুম ছাড়া খাওয়া মানে শরীরে অতিরিক্ত ফ্রুক্টোজ ঢোকানো।’
তিনি সতর্ক করেন, অনেকে প্রতিদিনের খাদ্যতালিকায় ফলের পরিমাণ বাড়িয়ে দেন, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। ফল অবশ্যই দরকার, তবে পরিমিত মাত্রায়। তার মতে, সুষম খাদ্যাভ্যাসে মৌসুমি ফল রাখা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও নিয়ম ভেঙে অতিরিক্ত ফল খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।