ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের সতর্কবার্তা ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া শক্তিশালী করার জন্য নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
ইসি সানাউল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, তাদের আর নিবন্ধন দেওয়া হয়নি। বর্তমানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৮১টি সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধিত রয়েছে।
তিনি নাগরিক পর্যবেক্ষকদেরকে নির্বাচন কমিশনের ‘তৃতীয় চক্ষু’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা অবশ্যই নীতিমালার মধ্যে থেকেই সকল কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষভাবে অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হবে।
ইসি আরও জানান, ২০২৬ সালের নির্বাচনের আগে আইনি সংস্কারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবু কিছু অসম্পূর্ণ কাজ সামনের দিনে সমাধান করা যেতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও পর্যবেক্ষক সংস্থা উভয়ই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি।