Wednesday, 15 July, 2026, 10:04 pm

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তন আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৩,৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

সমাবর্তনে কনভোকেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তনের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন কনভোকেশন মার্শাল ও গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। সততা ও সহমর্মিতার সঙ্গে নেতৃত্ব দাও এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করো।”

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন,
“আজ বিশ্ব তোমাদের সামনে উন্মুক্ত। নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হিসেবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের ডিনগণ ডিগ্রিপ্রার্থীদের উপস্থাপন করেন। পরে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করেন।

ডিগ্রি প্রদান শেষে দুইজন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল এবং আটজন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান করা হয়।

চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন—

স্নাতক পর্যায়ে: মাহিরা ইসলাম আসফি (ব্যাচেলর অব ফার্মেসি)

স্নাতকোত্তর পর্যায়ে: মেহরুব মোবিন ভূঁইয়া (এমবিএ)

ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেলপ্রাপ্তরা হলেন—
স্নাতক পর্যায়ে চারজন এবং স্নাতকোত্তর পর্যায়ে চারজন শিক্ষার্থী।

ভ্যালেডিক্টোরিয়ান মাহিরা ইসলাম আসফি বলেন,
“আমাদের সংগ্রামই হোক সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে আমরা মানবতার সেবায় অর্থবহ পরিবর্তন আনব।”

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন,
“আজকের স্নাতকেরাই ভবিষ্যতে দেশ গঠনের নেতৃত্ব দেবে। জ্ঞান ও মানবিক মূল্যবোধ যেন তাদের পথপ্রদর্শক হয়।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন,
“এই সমাবর্তন শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং দায়িত্বশীল জীবনের সূচনা।”

সমাবর্তনের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা সনদ গ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী সমাবর্তনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

আরো