Sunday, 28 June, 2026, 4:51 am

গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প

স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বিজয় দিবসের অনুষ্ঠানে সর্বাধিক জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন এ রেকর্ডের তথ্য নিশ্চিত করেছে বলে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাসুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে আশিক চৌধুরী (BIDA)-সহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন, এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (AFD)।

‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এ রেকর্ড অর্জন করে টিম বাংলাদেশ, যার মাধ্যমে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এ উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এ অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরো