সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ

বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করলেন দেশের তরুণ ডেভেলপাররা

বিডি মেইল ডেস্ক

দেশের তরুণ ডেভেলপারদের দক্ষতা বিকাশ ও অর্থবহ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে উৎসাহিত করতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক আয়োজন করেছে অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫। সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে এ হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এইচসেনিড মোবাইল সল্যুশনস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ হ্যাকাথনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০টিরও বেশি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী তরুণ ডেভেলপাররা তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বিভিন্ন বাস্তব সমস্যার উদ্ভাবনী ও কার্যকর ডিজিটাল সমাধান উপস্থাপন করেন।

অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেল কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী দল নির্বাচন করে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফাতেমা তুজ জোহরা মুন ও হাসিবুর রহমান আলিফ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন এবং তারা পুরস্কার হিসেবে পান ৫০ হাজার টাকা। প্রথম রানার-আপ দলকে দেওয়া হয় ২০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পায় ১০ হাজার টাকা। সব মিলিয়ে বিজয়ী তিন দলকে মোট ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এই হ্যাকাথন শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির মাধ্যমে বাস্তব জীবনের সমস্যা সমাধানে ডিজিটাল অ্যাপ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বাংলালিংকের ডিজিটাল মার্কেটপ্লেস অ্যাপলিংক-কে কেন্দ্র করেই এ আয়োজন করা হয়, যার মাধ্যমে স্থানীয় ডেভেলপাররা দেশজুড়ে লক্ষাধিক গ্রাহকের কাছে তাদের অ্যাপ ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সুযোগ পান। একই সঙ্গে গ্রাহকেরাও সহজে নতুন ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা লাভ করেন।

তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই হ্যাকাথনের বিচারক প্যানেলে ছিলেন কর্মঠর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদ মোহাম্মদ আকবর; বিনিয়োগ ডট আইও-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মুহাম্মদ সাইদুল আলম; এইচসেনিড মোবাইল সল্যুশনসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান; বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ এবং হেড অব ডিজিটাল রেভিনিউস ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ বলেন,
“দেশের তরুণ ডেভেলপাররা যে কতটা মেধাবী ও সম্ভাবনাময়, এই হ্যাকাথনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বাস্তবমুখী ডিজিটাল সমাধান তৈরির সক্ষমতা সত্যিই প্রশংসার যোগ্য।”

এইচসেনিড মোবাইল সল্যুশনসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান বলেন,
“অ্যাপলিংক স্থানীয় প্রতিভা ও উদ্ভাবনী ভোক্তা সেবাকে অগ্রাধিকার দেয়। অ্যাপকোয়েস্ট হ্যাকাথন তরুণ মেধাবীদের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সৃজনশীল সমাধান উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।”

আরো