যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে MV. CLIPPER ISADORA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি G to G-02 এর আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এর মাধ্যমে সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে।
G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে এসেছে।
বর্তমান চালানে আসা ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
উল্লেখ্য, এর আগে G to G-01 চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা সম্পন্ন হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।