বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী ‘ইভিএ’
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের শীর্ষস্থানীয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের জন্য ফোরামের বিশাল প্রাতিষ্ঠানিক জ্ঞানভান্ডারকে এজেন্টফোর্স ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় করা হয়েছে। এর ফলে ডাভোসে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়া তিন হাজারের বেশি প্রভাবশালী কর্পোরেট ও বিশ্বনেতা সিদ্ধান্ত গ্রহণে পাবেন এজেন্টিক এআই-এর সরাসরি সহায়তা।
এই উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম চালু করেছে একটি নতুন ও আগাম সহায়তামূলক ডিজিটাল কনসিয়ার্জ অ্যাপ—‘ইভিএ (EVA)’। সেলসফোর্সের এজেন্টফোর্স ৩৬০ প্ল্যাটফর্মে নির্মিত এই অ্যাপটি সাধারণ প্রশ্নোত্তরের সীমা ছাড়িয়ে যুক্তি বিশ্লেষণ, অগ্রাধিকার নির্ধারণ এবং অংশগ্রহণকারীর হয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সক্ষম একটি বুদ্ধিমান এআই সহকারী হিসেবে কাজ করবে।
আগামী ১৯–২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনটি হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। এতে থাকছে ৪৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ সেশন এবং হাজারো বৈঠক। এত বিপুল কর্মসূচির ভিড়ে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই জায়গাতেই ইভিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফোরামের এক দশকেরও বেশি সময়ের নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা সম্মেলনের স্থান সহজে খুঁজে পাবেন, ব্যক্তিগত সময়সূচি পরিচালনা করতে পারবেন এবং নেটওয়ার্কিং কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
এজেন্টফোর্স ৩৬০ ব্যবহার করে অ্যাপটি এআই, তথ্য ও মানুষকে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে সংযুক্ত করেছে। ইভিএ স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ সেশন সুপারিশ করবে, দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করবে এবং মাত্র কয়েক সেকেন্ডে বিস্তারিত ব্রিফিং নোট তৈরি করে দেবে। ফলে আগে যেখানে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো, সেখানে এখন তাৎক্ষণিকভাবে কার্যকর তথ্য পাওয়া সম্ভব হবে।
সেলসফোর্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ বলেন,“ডাভোসের ইতিহাসে সবচেয়ে বড় এই সম্মেলনে আমরা চাই প্রতিটি অংশগ্রহণকারী অনুভব করুক—একজন এআই সহকারী কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারে। ইভিএ কোনো সাধারণ চ্যাটবট নয়; এটি একটি বুদ্ধিমান ডিজিটাল সহকারী, যা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে, ভালোভাবে প্রস্তুত হতে এবং কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।”ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্ডে বলেন,“আমরা আমাদের কর্মীদের প্রস্তুতি কাজে এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এআই ব্যবহার করছি। এটি শুধু সময়সূচি ব্যবস্থাপনার বিষয় নয়—ফোরামের সম্পূর্ণ জ্ঞানভান্ডার সরাসরি প্রতিটি অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।”