ট্রেজারি কার্যক্রমের ঝুঁকি মোকাবেলায় এইচএসবিসির উদ্যোগে গোলটেবিল আলোচনা
দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি বাংলাদেশ) সম্প্রতি “ট্রেজারি ইন ট্রানজিশন: নেভিগেটিং ইমার্জিং রিস্ক ইন ট্রেজারি ফাংশন” শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ আলোচনায় ট্রেজারি কার্যক্রমের পরিবর্তন, বাজারের সাম্প্রতিক অগ্রগতি এবং বর্তমান প্রেক্ষাপটে শিল্পখাতের উদ্ভূত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন রোহিত রোজারিও, ম্যানেজিং ডিরেক্টর ও রিজিওনাল হেড অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলস (এশিয়া প্যাসিফিক), গ্লোবাল পেমেন্টস সল্যুশনস। তিনি বলেন,“দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ট্রেজারি ফাংশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রতিষ্ঠানগুলোকে দক্ষতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি ও বিঘ্ন সৃষ্টি হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে ভারসাম্য বজায় রাখতে হবে।”
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সল্যুশনস প্রধান নেওয়াজ মোশাররফ বলেন,“কর্পোরেট গ্রাহকদের ট্রেজারি ফাংশন এখন আর শুধু লেনদেনভিত্তিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ধীরে ধীরে কৌশলগত ট্রেজারিতে রূপান্তরিত হচ্ছে। ব্যবসায়িক জটিলতা বৃদ্ধি এবং মুনাফার মার্জিন সংকুচিত হওয়ার ফলে ট্রেজারি টিমগুলোর অগ্রাধিকার এখন ফাইন্যান্সিং ও অপারেশনাল ব্যয় কমানো, নতুন ব্যবসায়িক ক্ষেত্র ও বাজারে সম্প্রসারণে সহায়তা করা এবং নির্ভুল পূর্বাভাস নিশ্চিত করার দিকে কেন্দ্রীভূত।”
এইচএসবিসি তার বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাজারভিত্তিক গভীর দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জটিলতা মোকাবেলায় সহায়তা করছে। একই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নতুন সুযোগ উন্মোচনে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।