রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য সৌরশক্তিতে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ওয়ালটন জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় ছাদ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ নিজস্ব শিল্পকারখানায় ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

সোলার ইকোসিস্টেমের আওতায় সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সোলার হাইব্রিড প্রযুক্তির ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, ফ্যান, বাল্ব ও স্ট্রিট লাইটের মতো বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব পণ্যের প্রযুক্তি ও জ্বালানিসাশ্রয়ী সুবিধা সম্পর্কে অবহিত হন। সৌরবিদ্যুৎ ও প্রচলিত গ্রিডের বিদ্যুতের সমন্বয়ে পরিচালিত হাইব্রিড প্রযুক্তির পণ্য বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব। ওয়ালটন সৌরশক্তির মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে, তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আগামী এক থেকে দুই বছরে সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এতে কম খরচে মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি আমদানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে।

তিনি আরও বলেন, সৌরশক্তি ব্যবহার করে শুধু বাতি নয়, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য চালানো যাবে। দেশের মানুষকে সৌরশক্তি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটনের সোলার ইকোসিস্টেম গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তেও এ উদ্যোগ অবদান রাখবে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্নাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো