বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ

ওয়ালটনের ২০তম এজিএমে ১৮০% নগদ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সুশাসনের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির নানা প্রতিকূলতার মধ্যেও ওয়ালটন ভালো আর্থিক ফল অর্জন করতে সক্ষম হয়েছে। শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে পরিচালনা পর্ষদ ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে। ভবিষ্যতেও আরও শক্তিশালী আর্থিক ফল অর্জনের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক সূচকের উন্নতি ও ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও ওয়ালটন ব্যবসায়িক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। দক্ষ ব্যয় ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল, উদ্ভাবন এবং বাজারের পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দেশের আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় শিল্পের বিকাশে ওয়ালটন কাজ করছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, লিথিয়াম-আয়ন ব্যাটারি আমদানির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব উৎপাদন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বৃহৎ পরিসরে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে। পাশাপাশি বাসাবাড়ি ও শিল্পকারখানায় বিদ্যুৎ সংরক্ষণেও এসব ব্যাটারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে ওয়ালটনের অগ্রগতি তুলে ধরে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন কারখানায় দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে এ সক্ষমতা ৫০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্যোগ প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অবদান রাখবে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে ওয়ালটন কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানসনদ অর্জনের মাধ্যমে বিশ্বের ৬৪টি দেশে পণ্য রপ্তানি ও ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। রপ্তানি পণ্যের তালিকায় লিফট ও ক্যাবলের মতো নতুন পণ্য যুক্ত হচ্ছে। গ্রিন টেকনোলজিনির্ভর উদ্যোগগুলো আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. জিয়াউল আলম, ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিরীক্ষক এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম।

এজিএমে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি পরিচালকদের প্রতিবেদন, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের পুনর্নিয়োগ, সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক পুনর্নিয়োগ অনুমোদন করা হয়। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগ এবং ওয়ালটন প্লাজার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের বিষয়টিও অনুমোদন দেওয়া হয়।

আরো