রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

এআই যুগে দক্ষ জনশক্তি গড়তে জাতীয় উদ্যোগের আহ্বান জানিয়েছে এফবিএইচআরও

রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে ৮ম এফবিএইচআরও জাতীয় এইচআর কনভেনশন ২০২৬। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশের জনশক্তিকে পুনরায় দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। এ জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ এবং সরকার, নিয়োগকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) আয়োজিত এ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মুশাররফ হোসেন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান সহসভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা পরিচালক ও মহাসচিব প্রফেসর জিএমএ মঈনুদ্দিন চৌধুরী এবং কনভেনশন চেয়ার মো. কামরুজ্জামান সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহ্ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার পাশাপাশি নানা পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থা, প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে।

‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য পুনরায় দক্ষ করে তোলা’ প্রতিপাদ্যে আয়োজিত এ কনভেনশনে প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদ অংশ নেন। অনুষ্ঠানে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে এফবিএইচআরও এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়, যেখানে শ্ব শ্ব প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনে এআই, কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ নেতৃত্ব ও মানবসম্পদের রূপান্তর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও বিশেষ প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বক্তাদের মধ্যে ভারতের ড. টি. ভি. রাও, ড. নটরাজ রায় ও পি. আর. বাসবরাজু এবং শ্রীলঙ্কার ড. অজন্তা ধর্মাসিরি, ড. নীল বোগাহালান্দে এবং যুক্তরাজ্যের মাইকেল এ পোর্টার বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাজীবীরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে কর্মীদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করা, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এআইয়ের ব্যবহার দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

উল্লেখ্য, বাংলাদেশের মানবসম্পদ সংগঠনগুলোর শীর্ষ ফেডারেশন হিসেবে এফবিএইচআরও জাতীয় পর্যায়ে মানবসম্পদ উন্নয়ন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে কাজ করে আসছে।

আরো