বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সিতে দেশীয় খাবারের উৎসব, থাকছে ৬৪ অঞ্চলের ঐতিহ্যের স্বাদ

নিজস্ব প্র‌তি‌বেদক:-

বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি, আঞ্চলিক বৈচিত্র্য ও ঐতিহ্যবাহী খাবারকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে বিশেষ খাবার উৎসব ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হোটেলটির গ্র্যান্ডি সামিট-২, লেভেল-৬-এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (বিটিটিসি) সভাপতি এবং বাংলাদেশ মনিটর-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ সময় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকী, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মাহমুদ হাসান, জনসংযোগ ও যোগাযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক দেওয়ান ফারহানা মাসুক ইরাসহ বিশিষ্ট অতিথি ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, প্রাচীন রান্নার পদ্ধতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা স্বাদের ঐতিহ্য তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। গ্রামবাংলার চিরচেনা ঘ্রাণ, দাদি-নানির হাতের রান্নার স্মৃতি এবং বাঙালির নিজস্ব খাদ্যসংস্কৃতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে এ আয়োজন।

উৎসবে থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার। পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবানি মাংস ও কালাভুনা, সিলেটের সাতকড়া মাংস, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি এবং চাঁপাইনবাবগঞ্জের কালাইয়ের রুটিসহ নানা আঞ্চলিক পদ থাকছে মেন্যুতে। পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের ভর্তা, ঐতিহ্যবাহী সবজি ও দেশীয় খাবার।

মিষ্টান্নের আয়োজনেও থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব পদ। এর মধ্যে রয়েছে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও মেহেরপুরের রসকদম্ব। এ ছাড়া থাকছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টি।

ঢাকা রিজেন্সি হোটেল কর্তৃপক্ষ জানায়, এ আয়োজনের লক্ষ্য শুধু খাবার উৎসব আয়োজন নয়; বরং বাংলাদেশের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা। এর মাধ্যমে দেশি-বিদেশি অতিথিরা বাংলাদেশের আঞ্চলিক খাবারের বৈচিত্র্য, স্বাদ ও ঐতিহ্য নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন।

হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৫ হাজার ৯৯৯ টাকা নেট। নির্বাচিত ব্যাংক কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান, গেট ফোর’ পর্যন্ত বিশেষ অফার। পাশাপাশি ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্য বিশেষ সুবিধা এবং দলবদ্ধ অতিথিদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেশীয় খাবারের স্বাদ উপভোগের জন্য অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে। এ ছাড়া হোটেলটির ফেসবুক পেজে পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য: https://www.facebook.com/share/17zsUTTDPX/

আরো