বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ

অস্ত্রের মুখে কুবি শিক্ষক অপহরণ, এটিএম থেকে টাকা উত্তোলন

কুবি প্রতিনিধি , মো. ইহসানুল হক সাকিব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে অপহরণ করে তিন ঘণ্টা জিম্মি রেখে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দাউদকান্দির একটি নির্জন স্থানে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাতনামা চারজনকে আসামি করে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে তিনি ঢাকায় যাওয়ার জন্য কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাকে জিজ্ঞেস করে তিনি ‘উবারে’ কল দিয়েছেন কি না। তিনি ‘না’ বলার পরপরই তাকে জোর করে গাড়িতে তুলে মুখ চেপে ধরা হয়। পরে ময়নামতি ক্যান্টনমেন্টের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার ভয় দেখানো হয়।

এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা নিয়ে নেয়। পাশাপাশি তাকে শারীরিকভাবে আঘাত করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে নেয়। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে তার অ্যাকাউন্ট থেকে আরও ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়।

ভুক্তভোগী কুবি শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “সারাদেশেই এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ বেড়েই চলেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, যাতে আর কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

তিনি জানান, ছিনতাইকারীর সংখ্যা ছিল চারজন এবং তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলেও তিনি মনে করেন।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনার বিষয়ে মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

আরো