শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ডে কুবি শিক্ষক সমিতির নিন্দা

কুবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।

বুধবার (৫ মার্চ) শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড. মো. জুলহাস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা নিজ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হামলায় নির্মমভাবে নিহত হন। এ মর্মান্তিক ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
শিক্ষক সমিতি তাদের বিবৃতিতে উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী, শিশু ও কিশোরীদের ওপর সহিংসতা এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত আতঙ্কজনক ও অগ্রহণযোগ্য।

বিবৃতিতে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারাদেশে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আরো