বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম

ডাক বিভাগ একটি সেবামুখী প্রতিষ্ঠান হওয়ায় জনগণের আস্থা অর্জনই এর প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা জিপিও পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সেবার মান উন্নত করা গেলে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে। ঢাকা জিপিও দেশের ডাক বিভাগের একটি ঐতিহ্যবাহী ও ল্যান্ডমার্ক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও কার্যকর রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ডাক বিভাগকে আরও আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ডাক বিভাগের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি কার্যকরভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অর্থায়নসহ অন্যান্য সহায়তার বিষয়ে মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীকে জিপিওর সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং অবকাঠামোগত বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

আরো