শুক্রবার, ১ মে, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ

ভুয়া ফেসবুক আইডিতে ব্ল্যাকমেইল: সিআইডির হাতে মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫)। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সিআইডি সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা আশুলিয়া থানার মামলা (নং-৫২, তারিখ: ১৭ মার্চ ২০২৫) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় তদন্ত চলছিল। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
তদন্তে জানা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হয়। পরে সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ধারাবাহিক হুমকির মুখে ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা আদায় করে চক্রটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সিআইডি সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ছবি বা ভিডিও কোনোভাবেই অনলাইনে সংরক্ষণ বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো