বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করা হয়নি। এর ফলে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

’ তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, ‘হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই।’

একই অনুষ্ঠানে সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মার (টিবি) ওষুধ হস্তান্তর করেন।

মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করছে। তিনি ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণ আরো দ্রুত ও কার্যকর করতে নিম্নলিখিত পদক্ষেপের কথা জানান। সেগুলো হচ্ছে—কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডিজিটাল এক্স-রে প্রবর্তন, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার ও শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থার উন্নয়ন।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আশ্বাস দেন, বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো