বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

হাসপাতালে ভর্তি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে শারীরিক কিছু পরীক্ষার প্রয়োজনে তাকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে সেখানে ভর্তি করার সিদ্ধান্ত নেন বলে দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান নেত্রীর স্বাস্থ্যগত অবস্থা বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে গত মার্চ মাসেও তিনি গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মার্চ সোনিয়া গান্ধী জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা সাত দিন হাসপাতালে কাটানোর পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংক্রমণের চিকিৎসায় সোনিয়া গান্ধী অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিস্টেমিক ইনফেকশন হলো এমন একটি অবস্থা যেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগজীবাণু রক্তপ্রবাহে প্রবেশ করে শরীরের নির্দিষ্ট কোনো অংশের পরিবর্তে পুরো দেহে ছড়িয়ে পড়ে।

সোনিয়া গান্ধীর মতো প্রবীণ রাজনীতিকের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ বেশ সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। তবে এবারের ভর্তিটি পূর্বনির্ধারিত কোনো মেডিকেল প্রসিডিউরের অংশ নাকি নতুন কোনো শারীরিক সমস্যা, সে বিষয়ে মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো বুলেটিন প্রকাশ করেনি।

সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের নেতা-কর্মী এবং ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন।

হাসপাতালের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তার স্বাস্থ্যগত বিষয়ের দেখাশোনা করছে।

সূত্র: এনডিটিভি

আরো