৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি সেরা ক্যাম্পেইন
দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা উদ্যোগগুলোকে স্বীকৃতি জানিয়ে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা অনুষ্ঠান। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইন পুরস্কৃত হয়।
এবারের আসরে ৬৬টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭২টি মনোনয়ন জমা পড়ে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। দুই ধাপের জুরি মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। প্রথম ধাপে ৮টি জুরি প্যানেলে ১১৩ জন বিশেষজ্ঞ ক্যাম্পেইনগুলো মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। পরে ১১০ জন গ্র্যান্ড জুরির চূড়ান্ত মূল্যায়নে নির্বাচিত হয় সেরা ক্যাম্পেইনগুলো।
চূড়ান্ত ফলাফলে ৬৩টি ক্যাম্পেইন ব্রোঞ্জ, ২০টি সিলভার এবং ৬টি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। উৎকর্ষের সর্বোচ্চ মান বজায় রাখতে এবার কোনো গ্র্যান্ড প্রিক্স প্রদান করা হয়নি। অনুষ্ঠানে ৫০০-এর বেশি ডিজিটাল মার্কেটিং ও ব্যবসায়িক পেশাজীবী অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ডিজিটাল মার্কেটিং এখন শুধু গল্প বলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি রিয়েল-টাইম এনগেজমেন্ট, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং হাইপার-পার্সোনালাইজেশনের যুগে প্রবেশ করেছে। তিনি বলেন, বাংলাদেশের মার্কেটাররা আন্তর্জাতিক মানের কাজ করে বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছেন।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১২তম ডিজিটাল সামিট। “রিথিংকিং ডিজিটাল – স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স” প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবর্তিত ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্ম ডিসরাপশন, ক্রিয়েটর ইকোনমি এবং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় নিয়ে আলোচনা হয়।
দিনব্যাপী সামিটে ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং একটি এক্সপার্ট ডিপ ডাইভ অনুষ্ঠিত হয়। বক্তারা ডিজিটাল রূপান্তরের বর্তমান বাস্তবতায় ব্র্যান্ডগুলোর জন্য তথ্য, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বিত ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল অ্যালেফ গ্রুপ, বিবিএফ সিএমও ক্লাব, আইএএবি বাংলাদেশ ও এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। এছাড়া নলেজ পার্টনার হিসেবে ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।