শেয়ারবাজার অনিয়মে খান ব্রাদার্স চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে জরিমানা বিএসইসির
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসইসি বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও কর্মকর্তাদের অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।
ক্রমিক অনুযায়ী অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন- চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান ২৫ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক মো. রুহুল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক হযরত আলী ২৫ লাখ টাকা, পরিচালক জারিন কবির খান ২৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বার ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তাপস কুমার সরকার ৫ লাখ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের এ ঘটনায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।