সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি মেইল ডেস্ক

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ঝরে পড়া রোধ, মেয়েদের উপবৃত্তি এবং বিদ্যালয় পর্যায়ে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে কর্মসূচিটির ইতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন। একই সঙ্গে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয় পর্যায়ের মিড-ডে মিল কর্মসূচিতে খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। খাদ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন তিনি।

মিড-ডে মিল কার্যক্রমের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা আরও কার্যকর করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা ও পুষ্টি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

আরো