শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহযোগিতা করা দেশগুলোকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করলে তারাও যুক্তরাষ্ট্রের মতো একই অপরাধের জন্য দায়ী হবে।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় এ হুঁশিয়ারি দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়। এসব নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। এর ফলে ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে সহযোগিতা করে, তাহলে তারা একটি দেশের অবৈধ ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রণালয়টি বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় ইরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন দেশটির ওপর মার্কিন অর্থনৈতিক চাপ আরও বাড়ছে এবং নিষেধাজ্ঞা ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরো