শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, এ চুক্তি বা এতে অন্য দেশের অংশগ্রহণ সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয় হলেও ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব গতিবিধি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অবস্থান নিয়ে ওঠা প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলা হয় যে মক্কা চুক্তিতে ঢাকার যোগদানের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবির এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি মন্তব্য করেছেন। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া কী?

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায়, তবে সেটি ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত অন্য কোনো দেশের জন্য অহেতুক অস্বস্তির কারণ হওয়া উচিত নয়।

তবে আঞ্চলিক কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে মুখপাত্র স্পষ্ট করেন, ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক ভৌগোলিক পরিস্থিতি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করে। দেশের সীমান্ত ও নিরাপত্তা সুসংহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি আগস্টের শুরুর দিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। আঞ্চলিক নিরাপত্তার নতুন এই সমীকরণ ও তাতে প্রতিবেশী দেশের অবস্থান নিয়ে কৌতূহলের প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।

আরো