রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের (এডিনবরার ডিউক) স্ত্রী।

তার আসন্ন এ সফরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নারী ও মেয়েদের সুরক্ষা, কল্যাণ এবং ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

আগামীকাল ৯ নভেম্বর ঢাকায় আসছেন তিনি। সফর শেষে ১১ নভেম্বর তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ডাচেস সোফি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানেরও।

সফরকালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঘুরে দেখবেন তিনি। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ও উদীয়মান অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব পাবে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী নারীদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে পরিচালিত উদ্যোগগুলোও সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি।

আরো