রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

সব প্লেয়ার ফাউল করার নিয়তে নামলে ম্যাচ চালানো সম্ভব নয় : সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও মাঠে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট প্রভাবশালী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি থাকবে উল্লেখ করে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবং দলীয় প্রতীক ছাড়াই নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই নির্বাচন আয়োজন করা হবে।

সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, কমিশনের ডাকে সাড়া দিয়ে নেতাদের উপস্থিতি দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির প্রতিফলন। গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সব অংশীজনের সহযোগিতায় অতীতে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর যৌক্তিকতা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, দেশের গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে বসবাসরত কোটি কোটি মানুষের নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে বলে গণমাধ্যমে নিয়মিত খবর প্রকাশিত হচ্ছে এবং বাস্তবেও মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে সাড়ে চার হাজারের বেশি-প্রায় ৪ হাজার ৫১৮টি-ইউনিয়ন পরিষদ রয়েছে। সে কারণেই সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে পাঁচটি ধাপে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচনের ধরন ও বাস্তবতা নিয়ে সিইসি স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলভিত্তিক হচ্ছে না এবং এতে কোনো দলের প্রতীক থাকবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত প্রতীক পাবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও মাঠে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও প্রভাবশালী অনেক প্রার্থী থাকবেন-এ বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এমন বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা কমিশনের পক্ষে প্রায় অসম্ভব।

নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি মন্তব্য প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচনী মাঠে কেউ যেন ফাউল করতে না পারে এবং কেউ করতে চাইলে রাজনৈতিক নেতারা যেন পাশে থেকে তা প্রতিহত করেন, সে আহ্বান জানান তিনি। নিজের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই উল্লেখ করে সিইসি বলেন, কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।

স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘমেয়াদী পরিধি তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। জাতীয় নির্বাচনের মতো স্বল্প সময়ের কাজ নয় এটি; বরং বছরব্যাপী একটি ধারাবাহিক কর্মকাণ্ড। তাই দীর্ঘমেয়াদী ও টেকসই কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর বাস্তবসম্মত পরামর্শ প্রত্যাশা করেন তিনি। একইসঙ্গে মৌলভীবাজারে চা-বাগান শ্রমিকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের উদাহরণ তুলে ধরে সিইসি বলেন, শ্রমিকরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণভাবে করা সম্ভব।

এদিকে ইসি জানায়, সংলাপের প্রথম দিন রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। পরদিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার পাশাপাশি পরবর্তীতে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

আরো