Wednesday, 15 July, 2026, 9:00 pm

ডিএনসিসির গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতরা হলেন— ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানিয়েছেন, ইরাম ও অপু দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো