সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ড, চালু হলো ই-ভ্যাট ব্যবস্থা
ভ্যাট রিফান্ড পেতে করদাতাদের দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি কমাতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ই-ভ্যাট সিস্টেমে আবেদন করলে ভ্যাট ফেরতের অর্থ সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হবে।
বুধবার ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড প্রদান করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে করদাতা প্রতিনিধি ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে করদাতাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
এনবিআর সূত্রে জানা যায়, বিদ্যমান ই-ভ্যাট সিস্টেমে নতুন একটি রিফান্ড মডিউল যুক্ত করা হয়েছে। এই মডিউল অর্থ বিভাগের আইবাস++ (iBAS++) সিস্টেমের সঙ্গে সংযুক্ত এবং বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডের অর্থ স্থানান্তর করবে।
নতুন ব্যবস্থায় করদাতারা মাসিক ভ্যাট (মূসক) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদন যাচাই ও অনুমোদন দিলে কোনো কাগজপত্র জমা দেওয়া বা সরাসরি দপ্তরে উপস্থিত হওয়ার প্রয়োজন ছাড়াই টাকা সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।
এনবিআর আরও জানায়, অনলাইনভিত্তিক এই ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালুর ফলে আবেদন প্রক্রিয়া হবে দ্রুত ও স্বচ্ছ। পাশাপাশি করদাতাদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। রিফান্ড সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।