মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ

এসআরবি-৫-এর অভিযানে ভ্যানচালককে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালককে চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যাটারিচালিত ভ্যান, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম (৩০), মো. সহিদুল ইসলাম (৪২) ও আলমগীর হোসেন (৩৪)।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের শিশাতলা এলাকায় ভ্যানচালক তফিকুল ইসলামের (৫০) ওপর হামলা চালায় দুই ছিনতাইকারী। এ সময় তাঁকে চাকু দিয়ে হাতে আঘাত করা হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে তাঁর ব্যাটারিচালিত ভ্যান, একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৪ ধারায় দস্যুতার মামলা করেন। ঘটনার পর এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীর হোসেন ও টুটুল নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মোট আটটি মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো