বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন ইস্টার্ন ইউনিভার্সিটি

‌নিজস্ব প্র‌তি‌বেদক

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট দল। এই জয়ের মাধ্যমে তারা আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে এবং আবারও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

চ্যাম্পিয়ন দলটির গবেষক হিসেবে ছিলেন সাকিব খন্দকার, মৌখিক উপস্থাপক (ওরালিস্ট) হিসেবে দায়িত্ব পালন করেন জারিন সাদাফ লোপা ও পারিশা মেহেজাবিন এবং অতিরিক্ত গবেষক হিসেবে ছিলেন মো. সাকিব সরকার। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এ.বি.এম. ইমদাদুল হক খান ও মো. ওমর ফারুক তামিম। গভীর আইনগত গবেষণা, সুসংগঠিত যুক্তি উপস্থাপন এবং আত্মবিশ্বাসী আদালতকক্ষের পারফরম্যান্সের মাধ্যমে দলটি জাতীয় শিরোপা অর্জন করে।
এ উপলক্ষে গতকাল ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিজয়ী দলকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা এবং রেজিস্ট্রার ড. আবুল বাশার খান দলটিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের জাতীয় পর্বে দেশের ৪৮টি আইন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়।

বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের দশটি আসরের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এ পর্যন্ত ছয়বার আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে—এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে, যা মুটিংয়ে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রমাণ।

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের জন্য সর্ববৃহৎ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে পরিচিত, যা “ওয়ার্ল্ড কাপ অব মুটিং” নামেও সুপরিচিত। জেসাপ ২০২৬-এর বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড যৌথভাবে আয়োজন করে জেসাপ বাংলাদেশ, আইএলএসএ বাংলাদেশ চ্যাপ্টার, হার্থ বাংলাদেশ, কনরাড অ্যাডেনাওয়ার স্টিফটুং এবং এআইইউবি। এ বছর বাংলাদেশে ধারাবাহিকভাবে দশমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরো