Wednesday, 24 June, 2026, 10:52 pm

নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয় : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজ কিংবা দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আজও বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস।
রোববার হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় এবং হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মেয়র বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে গার্মেন্টস শিল্পের বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছে। একই সঙ্গে মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য স্টাইপেন্ড কর্মসূচি চালু হওয়ায় গ্রামীণ এলাকায় নারীশিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, সরকারি চাকরি, শিক্ষা ও পুলিশ বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এসব পদক্ষেপ বাংলাদেশের নারীদের জীবনে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছে।
ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, দুঃখজনকভাবে একটি মহল নারীদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি একটি দলের আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নেতৃত্ববিরোধী মন্তব্য নারীর অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের মধ্যযুগীয় মানসিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সার্বিকভাবে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। শিক্ষা, চিকিৎসা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দিতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা সেন, ছাত্রনেতা জহির উদ্দিন বাবরসহ অন্যান্যরা।

আরো