শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

ইফকো হোটেলসের বিরুদ্ধে ২৮ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইফকো হোটেলস লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ভ্যাট গোয়েন্দা সংস্থার তদন্তে প্রতিষ্ঠানটির প্রায় ২৮ কোটি টাকার উৎসে ভ্যাট ফাঁকি ধরা পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ের বিপরীতে প্রযোজ্য ভ্যাট যথাযথভাবে পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। তদন্ত শেষে ভ্যাট গোয়েন্দা বিভাগ পৃথক দুইটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এবং আদায়ের জন্য ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠায়।

তদন্ত অনুযায়ী, পাঁচ বছরে ইফকো হোটেলসের মোট প্রযোজ্য ভ্যাট ছিল প্রায় ১৯ কোটি ৮০ লাখ টাকা। এর বিপরীতে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে মাত্র ২ কোটি ৮১ লাখ টাকা। ফলে প্রায় ১৭ কোটি ১৭ লাখ টাকা বকেয়া থেকে যায়, যা সুদসহ বর্তমানে প্রায় ২৮ কোটি টাকায় পৌঁছেছে।

২০১৮-১৯ অর্থবছরেই সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে। ওই বছরে প্রায় ৬ কোটি ৯১ লাখ টাকার ভ্যাট প্রযোজ্য থাকলেও পরিশোধ করা হয় মাত্র সামান্য অংশ। বাকি অর্থের সঙ্গে সুদ যুক্ত হয়ে দায় দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটির বেশি।
অন্যদিকে, ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত চার বছরে প্রতিষ্ঠানটি ১০ কোটিরও বেশি টাকা ভ্যাট পরিশোধ করেনি। এই সময়ের বকেয়া ভ্যাট সুদসহ প্রায় ১২ কোটির কাছাকাছি পৌঁছেছে।

ভ্যাট আইন অনুযায়ী ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত বকেয়া আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

এ বিষয়ে ইফকো হোটেলসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইউনাইটেড গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর আগে থেকেও গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।

আরো