কুবির ৬ অনুষদে নিযুক্ত হয়েছে নতুন ডিন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৬টি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ এবং আইন অনুষদের বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ অনুযায়ী নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত ডিনরা হলেন, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কলা ও মানবিক অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোফয়েল আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এবং আইন অনুষদে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১২ মে থেকে এ আদেশ কার্যকর হবে।