বিবিসিসিআই নির্বাচনে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট মহিব চৌধুরী
লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিবিসিসিআই কনফারেন্স হলে একমাত্র ফাইন্যান্স ডাইরেক্টর পদে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মহিব চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডাইরেক্টর আবুল কালাম আজাদ এবং মেম্বারশিপ ডাইরেক্টর মোস্তফা আহমেদ লাকি।
নির্বাচনে শুধুমাত্র ফাইন্যান্স ডাইরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল খানকে দুই ভোটের ব্যবধানে পরাজিত করে আবুল কালাম আজাদ বিজয়ী হন। অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী বলেন, চেম্বারের পরিচালক ও সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, এই নির্বাচন বিবিসিসিআই-এর জন্য নতুন যাত্রার সূচনা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসেবার মান উন্নয়ন এবং যুক্তরাজ্য-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত কমিটির সদস্যরা ব্যবসায়িক সম্প্রদায়ের স্বার্থে নতুন উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং সংগঠনের অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিচারক নজরুল খসরু, কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী। ফলাফল ঘোষণার সময় বিপুলসংখ্যক ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিবিসিসিআই যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কারণে সংগঠনটির নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
