Thursday, 25 June, 2026, 9:57 pm

রৌমারীতে বৃদ্ধের বাড়িতে হামলা ও মারধর: নগদ সাড়ে ৯ লাখ টাকা লুট, থানায় অভিযোগ

সুমন আহমেদ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব ইছাকুড়ি (তুরা রোড) এলাকায় এক দুঃসাহসিক ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। একদল চিহ্নিত দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৃদ্ধ আব্দুল শহীদের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পরিবারের নারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব ইছাকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল শহীদ (৭০)-এর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধ আব্দুল শহীদ ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে ব্যবসার জন্য রক্ষিত নগদ সাড়ে নয় লাখ টাকা লুট করে।

অভিযোগে আরও জানা যায়, টাকা লুটের সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা লোহার রড, দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গৃহকর্তা আব্দুল শহীদ, হযরত আলীসহ পরিবারের নারীদের গুরুতর জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল শহীদ বাদী হয়ে রৌমারী থানায় একটি নামীয় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরো