ডোমারে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
রতন কুমার রায়, ডোমার(নীলফামারী): নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের এক নেতা নিহত হয়েছে।এসময় মটরসাইকেলে থাকা তার স্ত্রী ও শিশু কন্যা আহত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে নীলফামারী ডোমার মহাসড়কের কালীতলা এলাকায় সড়ক সংস্কারকাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে ও ভোগডাবুড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮)।
এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়দের অভিযোগ, নীলফামারী ডোমার মহাসড়কে সংস্কারকাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেওয়া হবে।