Sunday, 19 July, 2026, 1:24 am

কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ৭ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং একাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর টিচার্স’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ট্রেনিং কোর্স কো-অর্ডিনেশন কমিটির কোর্স পরিচালক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের স্থান নয়; এটি জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্পবিপ্লব এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের গবেষণামুখী, প্রযুক্তি-সচেতন, নৈতিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হতে হবে। এ প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী পাঠদান, গবেষণা ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থী-কেন্দ্রিক, সৃজনশীল ও সমস্যা-সমাধানভিত্তিক শিক্ষাদানে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেকে নিয়মিত হালনাগাদ রাখতে হবে এবং একাডেমিক মূল্যায়নে নিরপেক্ষতা, পেশাগত সততা ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে হবে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক অঙ্গীকার, দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা—এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফাউন্ডেশন ট্রেনিং শিক্ষকদের আধুনিক ও মানসম্মত শিক্ষাদান, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, নিরপেক্ষ মূল্যায়ন এবং কোর্স প্রোফাইল ও কোর্স ফাইল নিয়মিত হালনাগাদের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ট্রান্সফরমেশন, উদ্ভাবন ও আন্তঃবিষয়ক গবেষণার যুগে প্রবেশ করেছে। এ বাস্তবতায় শিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বগুণ এবং আধুনিক শিক্ষণ পদ্ধতিতে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, একজন শিক্ষক কেবল জ্ঞানদানকারী নন; তিনি শিক্ষার্থীদের আদর্শ ও অনুপ্রেরণার উৎস। তাই নিরপেক্ষ মূল্যায়ন, সময়ানুবর্তিতা, পেশাদারিত্ব এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট ফার্স্ট’ দর্শনের আলোকে শিগগিরই ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দ্রুত নিশ্চিত করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে খাবারের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীসংশ্লিষ্ট সেবা ইউনিটগুলোকে নিবন্ধনের আওতায় এনে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া নতুন ক্যাম্পাসকে একটি ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান বলেন, নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত উৎকর্ষ অর্জন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এ প্রশিক্ষণ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রশিক্ষণের প্রতিটি সেশন শিক্ষকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ২৬ জন প্রভাষক, তিনজন সহকারী অধ্যাপক এবং একজন সহযোগী অধ্যাপক রয়েছেন।

মোঃ ইহসানুল হক সাকিব
কুবি প্রতিনিধি

আরো