গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
কুবি প্রতিনিধি:
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-(কুবি) ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমের ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচিকে সামনে রেখে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।
এ সময় তাঁর উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি প্রশাসনিক ভবনের সামনের আঙিনাসহ আশপাশের এলাকাও পরিষ্কার করেন তারা।
কর্মসূচি সম্পর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিন আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। অতীতের জঞ্জাল, অপরাজনীতি ও অপসংস্কৃতিকে পেছনে ফেলে নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। উপাচার্য স্যারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগকে গুরুত্ব দিয়ে তাঁর উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা অভিযান শেষে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে দুটি বৃক্ষ রোপণ করা হয়েছে। আব্দুল কাইয়ুম ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী হওয়ায় তাঁর স্মরণে অনুষদের সামনে গাছ দুটি রোপণ করা হয়েছে।”