বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সিতে অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার মহড়া অনুষ্ঠিত

অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ মহড়ায় হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অগ্নিনির্বাপণ সরঞ্জামের যথাযথ ব্যবহার, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার কৌশল এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় মহড়াটি পরিচালিত হয়।
এ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মিজানুর রহমান সিদ্দিকী বলেন, “আমাদের সম্মানিত অতিথি ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে এ যৌথ উদ্যোগ নিরাপত্তা সচেতনতা, প্রস্তুতি এবং দায়িত্বশীল আতিথেয়তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।”
মহড়ায় মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকা রিজেন্সি অতিথি, কর্মী ও সংশ্লিষ্ট সবার জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো