মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন স্বামীর পরিচয়!

হঠাৎ করেই বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। নববধূর সাজে নিজের ছবি প্রকাশ করে নতুন জীবনে পা রাখার কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি এই অভিনেত্রী। ফলে বিয়ের খবরের পাশাপাশি তার স্বামীকে নিয়েও শুরু হয়েছে নানা কৌতূহল।

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় সেজেছিলেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

অভিনেত্রীর এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে তার জীবনসঙ্গীর পরিচয়। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি মিষ্টি জান্নাত।

গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ে নতুন কোনো ঘটনা নয়। আগেই বিয়ে করেছেন তিনি। তবে এতদিন ব্যক্তিগত কারণেই বিষয়টি প্রকাশ্যে আনেননি। এখন বিয়ের খবর জানালেও স্বামীর নাম কিংবা ছবি প্রকাশ করেননি।

মিষ্টি জান্নাত শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে তিনি কোন ব্যবসার সঙ্গে যুক্ত, কোথায় থাকেন কিংবা তার নাম কী—এসব বিষয়ে কোনো তথ্য দেননি অভিনেত্রী। সময়মতো স্বামীর পরিচয় সবার সামনে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিয়ের খবর প্রকাশের পর মিষ্টি জান্নাতের পোস্টের কমেন্ট বক্সে দেখা গেছে নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকেই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার অনেকে সরাসরি জানতে চেয়েছেন তার স্বামীর পরিচয়। তবে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুসারীদের সতর্ক করেছেন অভিনেত্রী।

মিষ্টি জান্নাতের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৪ সালে। শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার বিয়ের খবর নিজেই প্রকাশ করায় তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

নতুন জীবনের ঘোষণা দিলেও স্বামীকে রেখেছেন আড়ালে। তাই এখন ভক্তদের অপেক্ষা—মিষ্টি জান্নাতের সেই ব্যবসায়ী জীবনসঙ্গী কে, আর কবে প্রকাশ্যে আসবে তার পরিচয়?

আরো