মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি (ভাইঝি) বৃষ্টি মুখার্জির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

রাজ্যটির বীরভূম জেলার রামপুরহাটে নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় বৃষ্টি মুখার্জি ঘটকের। মমতার মামাতো ভাই নিহার মুখার্জির কন্যা বৃষ্টি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী কৌশিক ঘটকের সঙ্গে বৃষ্টি মুখার্জি ঘটকের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই থেকেই ১২ বছরের এক সন্তানকে নিয়ে রামপুরহাটের কুশম্বা গ্রামে বাবা অর্থাৎ মমতার মামাতো ভাই নিহার মুখার্জির বাড়িতেই অবস্থান করছিলেন বৃষ্টি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির দোতলার ঘর থেকে বৃষ্টি মুখার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, এদিন সকালে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় খবর দেয়া হয় স্থানীয় রামপুরহাট থানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

২০২৩ সালের মার্চ মাসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল এই বৃষ্টি মুখার্জির। অভিযোগ বেআইনিভাবে, স্থানীয় একটি স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যাওয়ার কারণে চাকরিও হারান বৃষ্টি। এর পরই কয়েক মাস যাবৎ স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গেও তার সম্পর্কের অবনতি হতে থাকে।

বৃষ্টি মুখার্জি ঘটকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মরদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরো