রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

দেশে ৪৭.২ শতাংশ নারীর বাল্যবিবাহ: সমাজকল্যাণমন্ত্রী

দেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বিয়ের প্রবণতা তুলনামূলকভাবে বেড়েছে।

এ পরিস্থিতিতে বাল্যবিবাহ নির্মূলে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বাল্যবিবাহ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। এ লক্ষ্য সামনে রেখে প্রতিটি মন্ত্রণালয় পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। তবে সমন্বিতভাবে কাজ করা গেলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যমান বরাদ্দ ও অর্থের সর্বোচ্চ জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সুশীল সমাজ, এনজিও, উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলে দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকার বিষয়টিও কর্মশালায় তুলে ধরা হয়। বক্তারা জানান, দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে বর্তমানে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি এসব ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এমানুয়েল আব্রিউ।

উচ্চপর্যায়ের এ সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

আরো