নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন পোর্টাল খুলে ফেলতে পারবেন না। নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত দলটির নন-পলাতক নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।
