রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ

দেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিমকার্ড

আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিপুলসংখ্যক সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকপ্রতি ১০টির বেশি সিম ব্যবহারের কারণে এখন পর্যন্ত ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বাতিল করা হয়েছে। এ ছাড়া মামলাজনিত কারণে আরও প্রায় এক লাখ সিম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, গ্রাহকের নামে অতিরিক্ত সিমকার্ড নিয়ন্ত্রণে আনতে গত বছরই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত নভেম্বর থেকে ১০টির বেশি সিমকার্ড বন্ধের কার্যক্রম শুরু হয়। যদিও চলতি বছরের জানুয়ারি থেকে এই সীমা পাঁচটিতে নামানোর সিদ্ধান্ত ছিল, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তা আপাতত কার্যকর করা হয়নি। নির্বাচন শেষ হলে পাঁচটি সিমের সীমা কার্যকর করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, যাচাই-বাছাইয়ে প্রায় ৮৯ লাখ অতিরিক্ত সিম শনাক্ত করা হয়। এর মধ্যে ৮৮ লাখের বেশি সিম ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। বাকি সিমগুলো বিভিন্ন মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে সেগুলোর বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

সিম সীমিতকরণের প্রভাব পড়েছে দেশের মোবাইল ফোন ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিগত ছয় মাসে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কমেছে প্রায় ১৮ লাখ। একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৬২ লাখেরও বেশি।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে মোট মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৮৭ লাখ। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭০ লাখে। অন্যদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী নেমে এসেছে ১১ কোটি ৫২ লাখে, যা জুলাইয়ে ছিল ১২ কোটি ১৫ লাখ।

যদিও মোবাইল ইন্টারনেট ব্যবহার কমছে, তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি বিধিনিষেধ, সেবার মূল্যবৃদ্ধি এবং সিমকার্ড সীমিতকরণ—এই তিনটি কারণ মোবাইল ইন্টারনেট ব্যবহারে প্রভাব ফেলছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, অতিরিক্ত সিম নিয়ন্ত্রণ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের সহজলভ্যতা ব্যবহারের ধরনে বড় পরিবর্তন এনেছে। কোভিড-পরবর্তী সময়ে মোবাইল ব্যবহারের প্রবণতা কিছুটা কমেছে এবং এখন অনেকেই নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগের দিকে ঝুঁকছেন।

এ বিষয়ে বিটিআরসির মহাপরিচালক আরও জানান, সিম সংখ্যা ১০টিতে নামানোর ফলে বাজারে বড় ধরনের প্রভাব পড়েনি। তবে গ্রাহকপ্রতি পাঁচটি সিমের সীমা কার্যকর হলে মোবাইল খাত ও রাজস্ব ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

আরো